পাটগ্রামে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বোমা মেশিনে পাথর উত্তোলনের অভিযোগ, বিজিবির অভিযানে আটক ৬


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন /
পাটগ্রামে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বোমা মেশিনে পাথর উত্তোলনের অভিযোগ, বিজিবির অভিযানে আটক ৬

স্টাফ রিপোর্টার: নবীউল ইসলাম।

 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধললা নদী থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বোমা মেশিনের মাধ্যমে পাথর উত্তোলন ও জমজমাট ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে।

 

অভিযোগ রয়েছে, পাটগ্রাম-হাতীবান্ধা এলাকার মাননীয় সংসদ সদস্য হাসান মোহাম্মদ রাজীব প্রধান নদীতে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দিলেও তা উপেক্ষা করে কিছু ব্যক্তি নদীতে মেশিন চালিয়ে যাচ্ছেন।

 

এদিকে, নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের খবর পেয়ে নবীনগর ক্যাম্পের বিজিবি সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের পর অভিযোগ ওঠে, কয়েকজন বিএনপির নেতা-কর্মী বিজিবি ক্যাম্পে গিয়ে সদস্যদের হুমকি দেন।

 

পরবর্তীতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বিএনপির কয়েকজন নেতা-কর্মীসহ মোট ছয়জনকে আটক করেন। পরে আটক ব্যক্তিদের পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

 

স্থানীয়দের দাবি, নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে নদীর পরিবেশ ও স্বাভাবিক গতিপথ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

 

তবে এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।