
কাজী সজীব :বিশেষ প্রতিনিধি।
ঢাকার সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মা মোড়ে হরিণধরা সংযোগ সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান এমপি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় শৃঙ্খলা নিয়ে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, “পলাতক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী আর কোনো দিন দেশে আসতে পারবেন না।”
তিনি আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মী ফ্যাসিবাদকে জায়গা দিতে পারবে না। কোনো নেতাকর্মীর সঙ্গে ফ্যাসিস্ট দলের কোনো ব্যক্তি বৈঠক করলে তার ছবি তুলে তাদের জানাতে হবে। তাদের বিএনপিতে কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।
আমান উল্লাহ আমান বলেন, বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ত্যাগী নেতাদের মনোনয়ন দিতে হবে। এই এলাকায় কোনো চাপাবাজ থাকবে না, কোনো মাদক থাকবে না। কোনো ধরনের জুলুম, নির্যাতন, অন্যায়-অত্যাচারও থাকবে না।
সড়ক বিভাগ, ঢাকা-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়। এ সময় হেমায়েতপুর-হরিণধরা সংযোগ সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টদের দ্রুত ও সুষ্ঠুভাবে সংস্কারকাজ সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে অমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ মহিউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।
এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, হরিণধরা সংযোগ সড়কটি সংস্কার হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে সুবিধা বাড়বে। পাশাপাশি সড়কটির যোগাযোগব্যবস্থা উন্নত হলে এলাকার মানুষের দৈনন্দিন চলাচল ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :