
চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি।
স্টাফ রিপোর্টার
মো: নবিউল ইসলাম।
ঢাকার ধামরাই উপজেলার ৯নং সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুল রহমান রুমাকে অপসারণের প্রতিবাদে মিছিল করেছে ধামরাই থানা ও পৌর জাতীয়তাবাদী ওলামা দল। মিছিল থেকে চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
মিছিলকারীদের অভিযোগ, চেয়ারম্যান রমিজুল রহমান রুমার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা।
এ সময় বক্তারা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মিছিল থেকে সুতিপাড়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে পুলিশ প্রশাসনের প্রতি অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। একই সঙ্গে ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
তবে চেয়ারম্যান রমিজুল রহমান রুমার বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত প্রয়োজন।
আপনার মতামত লিখুন :