
কাজী সজীব : বিশেষ প্রতিনিধি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার এবং ভবিষ্যতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারত্বের নতুন ক্ষেত্র সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে বিশ্বব্যাংকের চলমান সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পরে সাংবাদিকদের জানান, বৈঠকে উন্নয়ন প্রকল্পে বাংলাদেশ- বিশ্বব্যাংক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।
অর্থমন্ত্রী আরও জানান, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, তেল ও গ্যাস সরবরাহ এবং সরবরাহব্যবস্থার (সাপ্লাই চেইন) বিভিন্ন সংকটের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। এসব বহিরাগত অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া সরকারের সামাজিক কর্মসূচি, বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’সহ বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। তরুণ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ সম্প্রসারণের বিষয়ও আলোচনায় আসে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে। সফরকালে তিনি বিভিন্ন দেশের সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন।
এরই ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :