সাভার-আশুলিয়ায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।


admin প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন / ০
সাভার-আশুলিয়ায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

স্টাফ রিপোর্টার: মোঃ নবীউল ইসলাম

 

ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় ডিবি পুলিশের পৃথক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ২৪ অক্টোবর ২০২৬ তারিখ রাতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

প্রথম অভিযানে রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানাধীন কলমা জিনজিরা এলাকা থেকে মোঃ কোরবান আলী রুবেল (৩২) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এবং এসআই শাহাদাৎ হোসেনের সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানাধীন টেংগুরি এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোঃ ইয়াছিন (৪০) ও আজাদ রহমান (৪৫) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এসআই মনির হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাঁদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মোঃ ইয়াছিনের বিরুদ্ধে আগে থেকেই একটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।