গ্যাসের সংকটে শত শত গাড়ির দীর্ঘ লাইন, গভীর রাতে সিলিন্ডারে গ্যাস বিক্রির অভিযোগ।


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ৪:১৫ অপরাহ্ন /
গ্যাসের সংকটে শত শত গাড়ির দীর্ঘ লাইন, গভীর রাতে সিলিন্ডারে গ্যাস বিক্রির অভিযোগ।

স্টাফ রিপোর্টার : কাজী সজীব।

দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের মধ্যে ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় একটি সিএনজি পেট্রোল পাম্পকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, সাধারণ গ্যাসচালিত শত শত গাড়ি দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে গ্যাসের জন্য অপেক্ষা করলেও গভীর রাতে বিভিন্ন কোম্পানির কভার ভ্যান ও লরিতে বহন করা বিপুল সংখ্যক সিলিন্ডারে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

 

এতে সাধারণ গ্রাহকদের মধ্যে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও ক্ষোভ। স্থানীয়দের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে সত্যতা যাচাই এবং অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

 

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার জিরাবো এলাকার এমডি একে আজাদ সিএনজি পেট্রোল পাম্পে সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্যাস নেওয়ার জন্য বিভিন্ন ধরনের গ্যাসচালিত গাড়ির দীর্ঘ সারি। রাতেও পাম্প এলাকায় ছিল গাড়ির ব্যাপক চাপ।

 

স্থানীয় কয়েকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে গভীর রাতে বিভিন্ন কোম্পানির বড় বড় লরি ও কভার ভ্যানে করে বিপুল সংখ্যক সিলিন্ডার নিয়ে এসে পাম্প থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে। তাদের দাবি, একটি কভার ভ্যানে শতাধিক সিলিন্ডার পর্যন্ত থাকতে দেখা যায়।

 

অন্যদিকে, দিনের বেলায় গ্যাস নিতে এসে সাধারণ পরিবহন চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেক চালককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে যাত্রী পরিবহন ও পণ্য পরিবহনের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

 

স্থানীয়দের প্রশ্ন, দেশের সাধারণ মানুষ যখন গ্যাস সংকটে ভোগান্তিতে, তখন একই পাম্পে বিশেষ ব্যবস্থায় বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ করা হচ্ছে কি না এবং এর পেছনে কোনো বিশেষ সুবিধা বা বাণিজ্যিক ব্যবস্থা রয়েছে কি না—তা খতিয়ে দেখা জরুরি।

 

একজন স্থানীয় গাড়িচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ঠিকমতো গ্যাস পাই না। অথচ গভীর রাতে বড় বড় গাড়িতে সিলিন্ডার ভর্তি করে গ্যাস নেওয়া হচ্ছে—এটা কীভাবে হচ্ছে, আমরা জানতে চাই।”

 

তবে পাম্প কর্তৃপক্ষের বক্তব্য বা এ বিষয়ে তাদের অবস্থান তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

 

সাধারণ গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নিয়ে গ্যাস সরবরাহের প্রক্রিয়া, সিলিন্ডারে গ্যাস সরবরাহের বৈধতা এবং পাম্পের সংশ্লিষ্ট কার্যক্রম তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকরা।

 

তাদের প্রত্যাশা, গ্যাস সংকটের এই সময়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন বিশেষ সুবিধা নিয়ে সাধারণ গ্রাহকদের অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর নজরদারি করবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিভাগের আরো খবর

আরও খবর