ষড়যন্ত্রের বেড়াজালে সৎ ও নিষ্ঠাবান ইউপি সচিব আবুল কালাম: দুর্নীতির মনগড়া অভিযোগের অন্তরালে প্রকৃত সত্য।


admin প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ন /
ষড়যন্ত্রের বেড়াজালে সৎ ও নিষ্ঠাবান ইউপি সচিব আবুল কালাম: দুর্নীতির মনগড়া অভিযোগের অন্তরালে প্রকৃত সত্য।

সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আবুল কালামের বিরুদ্ধে সম্প্রতি একটি মহলের পক্ষ থেকে উত্থাপিত দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে আসা এই কর্মকর্তার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে।

সততা ও সমাজসেবাই যাঁর পরিচয়

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, আবুল কালাম একজন জনবান্ধব, সৎ ও বিনয়ী কর্মকর্তা হিসেবে এলাকায় সুপরিচিত। ১৪তম গ্রেডের একজন সরকারি কর্মচারী হিসেবে তিনি নিয়ম-নীতি মেনে দায়িত্ব পালন করে আসছেন। কর্মজীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

স্থানীয়দের মতে, তাঁর জীবনযাত্রা পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পদ ও বৈধ আয়ের ওপর ভিত্তি করেই পরিচালিত। তাঁর বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের যে অভিযোগ প্রচার করা হচ্ছে, তার পক্ষে কোনো প্রাতিষ্ঠানিক বা দালিলিক প্রমাণ নেই।

রাজনৈতিক প্রভাবের অভিযোগও প্রশ্নবিদ্ধ

প্রতিবেদনে তাঁকে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে দুর্নীতি করার যে অভিযোগ আনা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেছেন স্থানীয়রা। একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি সবসময় রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করেছেন। বদলি বাণিজ্য বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও তারা প্রত্যাখ্যান করেছেন।

স্থানীয়দের একাংশের ভাষ্য, বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি মহল তাঁকে উদ্দেশ্যমূলকভাবে বিতর্কিত করার চেষ্টা করছে।

আবুল কালামের বক্তব্য

অভিযোগ প্রসঙ্গে আবুল কালাম বলেন,

“আমার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর। আমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছি। কল্যাণপুর বা অন্য কোথাও আমার কোনো বিলাসবহুল বাড়ি কিংবা অবৈধ সম্পদ নেই। সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সাংগঠনিক অবস্থানের কারণে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। আমি যেকোনো সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তকে স্বাগত জানাই।”

এলাকাবাসীর প্রতিবাদ

ধামসোনা ইউনিয়নের সাধারণ মানুষ এ ধরনের অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের দাবি, আবুল কালাম একজন আন্তরিক ও দায়িত্বশীল কর্মকর্তা। তাঁকে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক সেবামূলক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে।

এলাকাবাসী প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, কোনো অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত ও সত্যতা যাচাই ছাড়া যেন কোনো সৎ কর্মকর্তাকে হয়রানির শিকার হতে না হয়।

স্টাফ রিপোর্টার: মোঃ নবীউল ইসলাম