
ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সাভার থানার আগ বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে মোঃ মারুফ হোসেন (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৯ হাজার টাকা।
এছাড়া একই দিন রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকায় পৃথক অভিযানে ভুয়া ডিবি পরিচয়ধারী ছিনতাইকারী ও ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ইলিয়াস আহমেদ নিরব (৩২) ও কিরণ চন্দ্র দাস (২৭)। পুলিশের তথ্যমতে, ইলিয়াস আহমেদ নিরবের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ মোট ৭টি মামলা রয়েছে।
অপরদিকে রাত ১০টা ৪৫ মিনিটে সাভার থানার টাউন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রিনা রানী পাল (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে এবং পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
ডিবি কর্মকর্তারা জানান, মাদক, প্রতারণা, ছিনতাই ও সংগঠিত অপরাধ দমনে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার নবিউল ইসলাম
আপনার মতামত লিখুন :