
ঢাকার সাভারের ভাকুর্তা আউয়াল মার্কেটের পাশে একটি রিসোর্টের ভেতরে গরুর চামড়া পুড়িয়ে ব্রয়লার মুরগি ও মাছের খাদ্য তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে এ কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এলাকাবাসী জানান, গরুর চামড়া পোড়ানোর ফলে আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষ শারীরিক অসুস্থতার আশঙ্কায় রয়েছেন। প্রতিনিয়ত পরিবেশ দূষণের কারণে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে বলেও অভিযোগ তাঁদের।
স্থানীয়দের আরও অভিযোগ, চামড়া প্রক্রিয়াজাত করে তৈরি করা এসব খাদ্য ব্রয়লার মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে খাদ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
এলাকাবাসীর দাবি, জনস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষায় অবিলম্বে কারখানাটির কার্যক্রম বন্ধ করতে হবে। পাশাপাশি কারখানার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে সাভার থানা পুলিশ ও ঢাকা জেলা পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকাটিকে পরিবেশদূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি থেকে রক্ষা করা হোক।
আপনার মতামত লিখুন :