
সাভার প্রতিনিধি:
ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) আল আমীন দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপারের (এসপি) কার্যালয় থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছেন।
জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই এসআই আল আমীন বিরুলিয়া ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে তার দৃঢ় অবস্থান ও সক্রিয় ভূমিকার কারণে এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত তিন মাসে তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে আনুমানিক ৬০টিরও বেশি মাদক মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযানের মাধ্যমে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, এসআই আল আমীনের মতো সৎ ও সাহসী পুলিশ কর্মকর্তা থাকলে বিরুলিয়া এলাকা খুব দ্রুতই মাদকমুক্ত করা সম্ভব হবে। তার কর্মতৎপরতা ও কঠোর অবস্থানের কারণে মাদক কারবারিদের দৌরাত্ম্য অনেকটাই কমেছে বলে তারা মনে করেন।
বিরুলিয়া ইউনিয়নের বাসিন্দারা আরও বলেন, এমন একজন দায়িত্বশীল ও সৎ কর্মকর্তাকে পেয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট ও আনন্দিত। তারা আশা প্রকাশ করেন, এসআই আল আমীন ভবিষ্যতেও একইভাবে সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করবেন।
আপনার মতামত লিখুন :