ঈদকে সামনে রেখে সাভার বাজার বাসস্ট্যান্ডে অবৈধ হকার উচ্ছেদে অভিযান।


admin প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৬, ৫:২২ অপরাহ্ন /
ঈদকে সামনে রেখে সাভার বাজার বাসস্ট্যান্ডে অবৈধ হকার উচ্ছেদে অভিযান।

সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

অভিযানে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন উপস্থিত ছিলেন। অভিযানের সময় মহাসড়কের উভয় পাশের ফুটপাত ও সার্ভিস লেনের বড় অংশ দখল করে বসা সহস্রাধিক হকারকে উচ্ছেদ করা হয়।

দীর্ঘদিন ধরে এসব হকারের কারণে সার্ভিস লেনে যানজটের সৃষ্টি হচ্ছিল এবং যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল। অভিযান চলাকালে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, মহাসড়কটি দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করে। ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ আরও বেড়ে যায়। ঘরমুখী মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ঈদের পর হকাররা আবার এখানে বসতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে হকারদের সার্ভিস লেন ও ফুটপাত ছেড়ে দিতে নির্দেশনা দেওয়া হলেও তারা তা মানেনি। উচ্ছেদের পর তারা আর এখানে বসতে পারবে না এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

তবে ঈদের ঠিক আগে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় ক্ষোভ প্রকাশ করেছেন হকাররা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হকার জানান, তারা অবৈধভাবে ব্যবসা করেন এটি ঠিক, তবে ঈদের আগে উচ্ছেদ না করে পুনর্বাসনের ব্যবস্থা করলে তাদের এত ক্ষতির মুখে পড়তে হতো না।

স্টাফ রিপোর্টার: নবিউল ইসলাম